অবিশ্বাস্য সেই সেমিফাইনাল শেষ হওয়ার পর আমার প্রথম প্রতিক্রিয়া ছিল—এটা কী স্বপ্ন?
তারপর দুটো দিন কেটে গেছে, এখনও আমি মাঝে মাঝে অবাক হচ্ছি। ভাবছি, আসলে স্বপ্ন দেখছি না তো! পত্রিকা পড়ে, মিডিয়া কাভারেজ দেখে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘুরে আমি নিশ্চিত হয়েছি, এটা স্বপ্ন নয়, সত্যি; এটা স্বপ্ন নয়, একটা স্বস্তি—আসলেই আমাদের ছেলেরা ফাইনাল খেলছে।
আমাদের জন্য এটা একটা স্বপ্নের মতো ব্যাপারই বটে। অবশেষে ব্ল্যাক ক্যাপস দলটা সেমিফাইনালের পর সেমিফাইনালের সেই ব্যর্থতা কাটিয়ে এবার মেলবোর্নের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে।
আমি নিজে ১৯৯৯ ও ২০০৭ সালে এই স্বপ্নভঙ্গ হওয়া দলের নেতৃত্ব দিয়েছি। তাই ব্রেন্ডন ম্যাককালাম যখন তার দলকে অসীম স্বাধীনতা দিয়ে ফাইনালে তুলে নিয়ে আসলো, সেটা আমার জন্য হূদয় ছোঁয়া একটা ব্যাপার ছিলো।
এমনিতে দল হিসেবে কখনোই এই স্কোয়াডের ওপর আমার বিশ্বাসের কমতি ছিলো না। চুলচেরা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো, অত্যন্ত যোগ্য দল হিসেবে, সম্ভবত সবচেয়ে যোগ্য দল হিসেবে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াও খুব যোগ্য দল। তবে আমাদের বিপক্ষে ছিলো শুধু ইতিহাস।
এখন আরেকটা ইতিহাসকে ভুল প্রমাণ করার পালা। ফাইনালে আমাদের মুখোমুখি হতে হবে বিশ্বের সবচেয়ে সফল দলটির। অস্ট্রেলিয়া নিঃসন্দেহে অনেক শক্তিশালী দল, ট্রফির জন্যই খেলছে তারা। তারপরও আমি ম্যাককালামের দলের ওপর আস্থা রাখতে চাই। আরেকটা স্বপ্ন দেখতে চাই।
