নিউইয়র্কে বিস্ফোরণে দুটি ভবন ধসে আহত ১৯ জন

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ০০:২০

নিউইয়র্কের ম্যানহাটনে বিস্ফোরণের ফলে দুইটি ভবন ধসে অন্তত ১৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ বিস্ফোরণের পর আগুন লেগে গেলে অগ্নিনির্বাপণকারী দলের ২০০ সদস্য একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। মেয়র বিল দ্য ব্লাসিও বলেন, দুর্ঘটনার পর কেউ নিখোঁজ না থাকলেও সেখানকার অবস্থা খুবই শোচনীয়। খবর বিবিসি’র।

কর্মকর্তারা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে একটি ভবনের গ্যাস সংযোগ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ঐ ভবনের একটি সুশি রেস্টুরেন্ট থেকে চারপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যেই অগ্নি নির্বাপণকারী দলের সদস্যরা সেখানে পৌঁছে যান।
বেন ম্যাকিনন (২৮) নামের এক ব্যক্তি জানান, তিনি একটি কফি হাউজে কফি পান করছিলেন। এমন সময় তিনি রাস্তার ওপর পাশে প্রচণ্ড বিস্ফোরণ শুনতে পান। বিস্ফোরণটি যথেষ্ট বড় ছিলো এবং এই ঘটনায় ক্যাফের দরজা উড়ে যায়। তিনি বেশ কয়েক জনকে রক্তাক্ত অবস্থায় সুশি ক্যাফে থেকে বের হয়ে আসতে দেখেন।

কর্মকর্তারা জানিয়েছেন, তারা ঐ এলাকার বাতাসের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। স্বাস্থ্যগত কারণে এলাকার বাসিন্দাদের জানালা বন্ধ করে থাকার নির্দেশ দেয়া হয়েছে।