আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে একক প্রার্থী দেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আজ শনিবারের মধ্যে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আগামীকাল রবিবার ১৪ দলীয় জোট সমর্থিত একক প্রার্থী নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে আগামীকাল বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে যথাক্রমে আনিসুল হক, সাঈদ খোকন ও আ জ ম নাছির উদ্দিনকে সমর্থন দিয়েছে ১৪ দল। তবে কাউন্সিল পদে এখনো কাউকে সমর্থন দেয়া হয়নি। এ পদে প্রায় ১২শ’ প্রার্থী আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী।
