ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। খবর: সিডনি মর্নি হেরাল্ড।
সিডনি মর্নি হেরাল্ড’র প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে রবিবার ফাইনাল ম্যাচের পর এক দিনের ক্রিকেটকে বিদায় জানাবেন ক্লার্ক। ২০১৯ সালের বিশ্বকাপে খেলতে নিজের ফিটনেস নিয়ে নিশ্চিত নন বলেই প্রাথমিক কারণ বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
সংবাতদ সম্মেলনে ক্লার্ক বলেন, আমি মনে করি, আমার ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য সঠিক সময়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চার বছর আগে এই দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আর এটি এই বিশ্বকাপের নেতৃত্ব দিতে আমার জন্য একটি ভাল প্রস্তুতি এন নিয়ে দিয়েছে। আমি মনে করি পরবর্তী অধিনায়কের এই সুযোগ পাওয়া উচিত।
তিনি বলেন, আমি ফিট ও সুস্থ থেকে পরবর্তী বিশ্বকাপে খেলতে পারব এটা আমি মনে করি না। আমি মনে করি এটাই সঠিক সময়।
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট খেলা চালিয়ে যাবেন ক্লার্ক। অস্ট্রেলিয়া অধিনায়কের ভাষ্য,এই সিদ্ধান্তের ফলে আমি আমার টেস্ট ক্যারিয়ারকে আরো ভাল করতে পারব। টেস্টে ক্রিকেট সাফল্য আনা আমার কাছে অগ্রাধিকার পাবে।
২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান রিকি পন্টিং। এরপর এই দায়িত্ব পান মাইকেল ক্লার্ক। ক্যারিয়ারে এই পর্যন্ত ২৪৪টি ওয়ানডে ক্রিকেট খেলেছেন তিনি। ৪৪.৪২ গড়ে আটটি শতক ও ৫৭টি অর্ধশতকসহ ৭ হাজার ৯০৭ রান করা ক্লার্ক অস্ট্রেলিয়াকে ৭৩টি ম্যাচে নেতৃতত্ব দেন। তার অধিনায়কত্বে ৪৯টি ওয়ানডে জেতে দেশটি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ক্লার্কের প্রশংসা করে এক বিবৃতিতে বলেছেন, তার অবসরের সিদ্ধান্তে আমরা বেশ অবাক হয়েছি। মাইকেল এমন একটি সময়ে দল ছেড়ে যাচ্ছে যখন তার দল সর্বোচ্চ কিছু অর্জনের প্রত্যাশায় রয়েছে। তার উপর নিজেদের মাঠে সমর্থকরাও পূর্ণ সমর্থন দিবে। এর থেকে ভাল মুহূর্ত আর হতে পারে না। আশা করছি বিশ্বকাপ জয় করে বিদায়ের মুহূর্তটি ক্লার্ক আরো অভাবনীয় করে রাখতে পারবেন। ওয়ানডে ক্রিকেটে তার অসামান্য অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। একইসাথে টেস্টে তার যোগ্য নেতৃত্বের অপেক্ষায় থাকবে টিম অস্ট্রেলিয়া।
