সেরা মুহূর্তের স্বপ্ন দেখছেন হ্যাডলি

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১৫:২২
 
নিউজিল্যান্ডের সেরা খেলোয়াড়দের একজন ক্রিকেট কিংবদন্তি রিচার্ড হ্যাডলি বলেছেন, আগামীকাল রবিবারের ফাইনালে ব্ল্যাক ক্যাপসদের জয় হবে দেশটির ক্রীড়া ইতিহাসের সবচেয়ে সেরা মুহূর্ত রাগবিতে বিশ্বকাপ সাফল্যের সমান।
ক্রিকেট হচ্ছে রাগবি পাগল নিউজিল্যান্ডে দ্বিতীয় সারির খেলা। তবে এবারের বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাককালামের দলের আক্রমণাত্মক খেলা এবং টানা সাফল্য সহ-স্বাগতিক নিউজিল্যান্ডের সমর্থকদের রীতিমতো বিমোহিত করেছে। এই দলটাকেই হ্যাডলি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের সবচেয়ে সেরা দল হিসেবে মূল্যায়ন করছেন।
ছয়বার সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর সপ্তমবারে এসে প্রথম ফাইনালে পৌঁছানো ব্ল্যাক ক্যাপদের জন্য নিউজিল্যান্ডের ক্রীড়া ইতিহাসে অমরত্ব লাভের দারুণ এক সুযোগ দেখছেন হ্যাডলি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সদস্য বলেন, ‘এটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড না ভারত, তাতে কিছু আসে যায় না। তারা প্রথমবারের মতো এতে যোগ দিয়েছে। তাদের দারুণ একটি সুযোগ হয়েছে আমাদের খেলাধুলায় একটি ইতিহাস গড়ার, যার অর্থ তাদের কখনোই জাতি ভুলবে না।’
হ্যাডলি আরো বলেন, ‘এটা হবে ১৯৮৭ সালে রাগবি বিশ্বকাপ জয়ের মতো। রাগবি দল দু’বার বিশ্বকাপ জিতেছে। আমরা (নিউজিল্যান্ড ক্রিকেট দল) একবারও বিশ্বকাপ জিততে পারিনি। এটাকে আপনি আমাদের খেলাধুলার ইতিহাসের সবচেয়ে সেরা মুহূর্ত আমেরিকা কাপ (রাগবি বিশ্বকাপ) হিসেবে দেখতে পারেন। ক্রিকেট বিশ্বকাপ জেতো, তাহলে এটা হবে খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বড় অর্জন।’
এটাই নিউজিল্যান্ড ক্রিকেটের সবচেয়ে সেরা সময় বলে উল্লেখ করে হ্যাডলি বলেন, ‘একজন বোর্ড মেম্বার হিসেবে এবং দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের ক্রিকেটের সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতা থেকে বলব এটাই হবে নিউজিল্যান্ড ক্রিকেটের সবচেয়ে বড় সময়, অনেক বিশেষ একটি মুহূর্ত এবং এটা এমন কিছু যা আমার জীবদ্দশাতেই দেখতে চাই আমি।’