তথ্যপ্রযুক্তির কল্যাণে দুনিয়া দিন দিন ছোট হয়ে আসছে। ঘরে বসেই এখন পৃথিবীর যেকোনো স্থানে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা অনেকেই এখন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ছাড়া একটা দিন কল্পনাও করতে পারি না। শোবিজ তারকারাও কিন্তু এর ব্যতিক্রম নন। যেখানেই যাচ্ছেন যা কিছু করছেন নিয়মিত তারা জানান দিচ্ছেন এসব সোশ্যাল মিডিয়াতে। শুরুতে সোশ্যাল মিডিয়ার প্রতি বিমুখ হলেও অবশেষে হলিউড অভিনেত্রী সালমা হায়েকও যোগ দিলেন এই দলে। কিন্তু শুরুতেই এই অভিনেত্রী জড়িয়ে পড়লেন নতুন বিতর্কে। প্রায় এক যুগ ধরে হায়েক নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ইন্টারনেট ব্যবহার থেকে। কিন্তু দেরি করে হলেও সম্প্রতি এই অভিনেত্রী একাউন্ট খুললেন ফেসবুক ও ইন্সটাগ্রামে। কিন্তু তিনি যেসব ছবি শেয়ার দিচ্ছেন তাতে শুরুতেই সমালোচনার মুখে পড়লেন তিনি। খোলামেলা পোশাকের এসব ছবি খুব একটা ভালোভাবে নেননি হায়েকের ভক্তকূল। হায়েক অবশ্য এসব ‘থোড়াই কেয়ার’ করেন! ৪৮বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘আমি কি করবো না করবো তা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। নিজের ইচ্ছাতেই আমি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে একাউন্ট খুলেছি। আমিই ভালো বুঝি কি করা উচিত আমার।’
