নারায়ণগঞ্জ বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবুল বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অন্য সহযোগী রহম আলী। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে পৃথকভাবে রিমান্ড শুনানি ও জবানবন্ীি রেকর্ড করা হয়।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান আদালতে রহম আলীর স্বীকারোক্তি ও আবুল বাশারের রিমাঞ্জ মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দা এলাকা থেকে আবুল বাশারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাত খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে নারায়ণগঞ্জের আলোচিত ৭খুনের মামলার প্রধান আসামী নূর হোসেন কখন কোথায় কার সঙ্গে টাকার লেনদেন করতো সে বিষয়ে আদালতে জবানবন্দী দিয়েছে গ্রেপ্তারকৃত সহযোগী রহম আলী।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহূত হন। আর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে আরও একজনের লাশ পাওয়া নদীতে। অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সাত খুনের দুইটি মামলায় এই পর্যন্ত র্যাবের ১৭ জন সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ ও হত্যাকান্ডের বর্ণনা দিয়ে তিন র্যাব কর্মকর্তাসহ ১৯জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। এছাড়াও ঘটনার সাক্ষী হিসেবে ইতোমধ্যে ১৬ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।
