বিএনপির এবারের বিবৃতিতেও হরতাল নেই। আর শনিবার পাঠানো প্রথম বিবৃতিতে অবরোধের কথা উল্লেখ না থাকলেও সংশোধিত বিবৃতিতে অবরোধ বহাল রেখেছে দলটি।
শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলুর নামে প্রথম যে বিবৃতিটি গণমাধ্যমে আসে তাতে রবিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশোধিত বিবৃতি আসে।
বিকাল চারটার দিকে প্রথম বিবৃতিতে বলা হয়, ‘আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেপ্তারের পর বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধীদলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেওয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল ২৯ মার্চ, রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’
এরপর বিকাল ৫টা ২৪ মিনিটে আসা সংশোধিত বিবৃতিতে বলা হয়, ‘আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেপ্তারের পর বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধীদলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেওয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল ২৯ মার্চ, রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’
