ছোট-বড় দুই পর্দার নিয়মিত মুখ আনিসুর রহমান মিলন। বড়পর্দায় এখন ব্যস্ত সময় পার করলেও ছোটপর্দার প্রতি ভালোবাসা কমেনি তার। সম্প্রতি তার দুই মাধ্যমের ব্যস্ততা’সহ নানা বিষয় নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে।
এখনকার কাজ সম্পর্কে জানতে চাই।
এখন ছোট-বড় দুই পর্দাতেই কাজ করছি। কাজ করছি সায়মন তারেকের ‘ক্রাইম রোড’, সাইফ চন্দনের ‘টার্গেট’, পলাশের ‘নাইওর’ ও হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’ ছবিতে। দু’টি ছবির কাজ শেষ। ছবি দু’টি হচ্ছে ‘ব্ল্যাকমেইল’ ও ‘ওয়ান ওয়ে’। আরও কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এছাড়া ছোটপর্দায় আমার তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে। নাটক তিনটি হচ্ছে ‘অলসপুর’, ‘ঘোমটা’ ও ‘জীবনের অলিগলি’।
দুই মাধ্যমে সময় দেয়াটা কতটা কঠিন?
আমি সেভাবেই শিডিউল সাজিয়ে নিই যেন কোনো সমস্যা না হয়। দেখা যায় ছবির কাজের ফাঁকেই আমি নাটকের কাজ করছি। এখন যেমন ছবির কাজে ব্যস্ততার কারণে আগামী জুন মাস পর্যন্ত আমি কোনো নতুন নাটকে কাজ করছি না।
দুই পর্দায় দর্শক আপনাকে দেখছে। এটা কি দর্শকের বিরক্তির কারণ হতে পারে বলে মনে করেন?
আমি মনে করি না। এর জন্য আমি কিছু কথা বলতে চাই। আমার প্রথম ছবি ‘দেহরক্ষী’ মুক্তি পায় ২০১২ সালে। সে সময় আমার ৯টি সিরিয়াল ছোটপর্দায় প্রচারিত হচ্ছিল। সে ছবি কিন্তু দারুণ ব্যবসা সফল হয়েছিল। আমার অভিনীত ‘অনেক সাধের ময়না’ যখন মুক্তি পায় তখন ছোটপর্দায় আমার ৬টি সিরিয়াল প্রচারিত হচ্ছিল। অথচ এই ছবিটিও ব্লকবাস্টার হিট হয়েছে। সুতরাং দর্শক বিরক্ত হলে কখনোই এই ছবিগুলো সাফল্য পেত না। আসলে দর্শক আমাকে ছবিতে নায়ক হিসেবে দেখতে চায় বলেই আমি ছবিতে অভিনয় করছি। দর্শক না চাইলে কখনোই এটা সম্ভব হতো না।
বড়পর্দায় শক্ত অবস্থান তৈরি করতে পারলে ছোটপর্দায় নিয়মিত কাজ করবেন কি?
আমি কখনোই ছোটপর্দা ছাড়তে পারবো না। চলচ্চিত্রে এখনই অনেক ব্যস্ততা যাচ্ছে। সামনে আরও ব্যস্ত হলে তখন হয়তো ছোটপর্দায় কাজ কমিয়ে দেবো। কিন্তু একেবারেই ছেড়ে দেবো না। তখন হয়তো ঈদ বা বিশেষ দিবসের নাটকগুলোতে কাজ করবো।
নির্মাতারা ছোটপর্দার অভিনেতাদের দিকে ঝুঁকছেন কেন?
আসলে চলচ্চিত্র নির্মাতাদের ক্ষুধা অনেক বেশি। অনেকগুলো কারণেই তারা ছোটপর্দার তারকাদের দিকে ঝুঁকছেন। প্রত্যাশা মতো অভিনেতা পান না বলেই নির্মাতারা ছোটপর্দার তারকাদের দিকে ঝোঁকেন। ছোটপর্দার তারকারা পরীক্ষিত। তাই তাদের ওপর কিছুটা হলেও নির্ভর করা যায়। আর তাছাড়া ছোটপর্দার তারকারা চলচ্চিত্রে সাফল্য পেলে সামনে আরও ভালো করার সম্ভাবনা থাকে।
ছোটপর্দায় ছবির প্রচারণা করেন না কেন? ইচ্ছা নেই, নাকি সুযোগ হয় না?
প্রচারণা একেবারেই যে করি না তা কিন্তু নয়। আমার ‘অনেক সাধের ময়না’ ছবি মুক্তির আগে আমি বিভিন্ন টিভি প্রোগ্রামে হাজির হয়েছি। আমার ছবির প্রচারণা করেছি। এমন কি টকশো’তেও হাজির হয়েছি। পার্শ্ববর্তী ভারতে দেখা যায় চলচ্চিত্র অভিনেতারা প্রচারণার জন্য টিভি সিরিয়ালকেও ব্যবহার করেন। আমাদের দেশে এটা এখনও শুরু হয়নি। তবে এখন একটু একটু করে হলেও প্রচারণা হচ্ছে।
