প্রচণ্ড বোমা বর্ষণে প্রকম্পিত ইয়েমেনের রাজধানী

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ২১:৩৯
 
সৌদি নেতৃত্বাধীন বাহিনীর প্রচণ্ড বিমান হামলায় তৃতীয় রাতে ইয়েমেনের রাজধানী প্রকম্পিত হয়ে উঠেছে। শনিবার নগরীর বাসিন্দারা একথা জানান।
 
ইরান সমর্থিত বিদ্রোহীদের হাত থেকে প্রেসিডেন্ট আব্দে রাব্বো মানসুর হাদি সরকারের পতন ঠেকাতে এই বিমান হামলা চালানো হচ্ছে।
 
সানায় একটি আন্তর্জাতিক সহায়তা সংস্থায় কর্মরত এক বিদেশি বলেন, ‘রাতে প্রচণ্ড বোমা বর্ষণ করা হয়েছে। এতে জানালা কেঁপে ওঠে।’
 
শঙ্কিত এই নারী আরো বলেন, ‘মানুষ দেশ ছেড়ে পালিয়ে যেতে চায়।’ এএফপি’র এক আলোকচিত্রী বলেন, ‘ভোর পর্যন্ত রাতভর বোমা বর্ষণ হয়েছে।’
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সানার বাইরের অস্ত্রাগার ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই মূলত হামলা চালানো হয়েছে।
 

সৌদি আরব জানিয়েছে হাদিকে রক্ষায় এই অভিযানে ১০টির বেশি আরব দেশ অংশ নিয়েছে। হাদি আরব লীগের সম্মেলনে যোগ দিতে শুক্রবার মিশর পৌঁছেন।