বিএনপি-সমর্থক সংগঠন ‘শত নাগরিক কমিটি’র আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমাদ বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ জন্য সবার মিছিল-মিটিং, সমাবেশের অধিকার থাকা অপরিহার্য। পরিবেশ তৈরির বিষয়ে নির্বাচন কমিশন নতুন করে ভাববে বলেও আশা করি।’ শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা ও জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
এমাজউদ্দীন বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সুন্দর পরিবেশ না হলে সিটি করপোরেশন নির্বাচন ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ হবে—জনগণ তা সহ্য করবে না। নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হতে হবে। ভোটাররা ভোট দিতে পারবেন, আর যিনি ভোট চান তিনি সবার কাছে যেতে পারবেন—সেই সুযোগ থাকা জরুরি।’
‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য পদক্ষেপ নেয়া হয়নি’ এমন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, ‘পরস্পর কথার আদান-প্রদান করতে মিছিল-মিটিং, সমাবেশের মতো নির্বাচন সংশ্লিষ্ট কর্মসূচিগুলো প্রয়োগের স্বাভাবিক পরিবেশের নিশ্চয়তা প্রয়োজন। এ সব ছাড়া নির্বাচন হয় না। কিন্তু ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার কার্যালয় এখনো স্বাভাবিক হননি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখনো তালা দেয়া।’ তিনি বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশের দাবিতে বুধবার আমরা শত নাগরিক কমিটি নির্বাচন কমিশনে গিয়েছিলাম। এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান আবুল হাশেম রানার সভাপতিত্বে সভায় পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীও বক্তব্য রাখেন। এই অনুষ্ঠান শেষে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে আরাফাত রহমান কোকোর স্মরণসভা ও দোয়া মাহফিলেও যোগ দেন এমাজউদ্দীন আহমাদ। ‘আরাফাত রহমান কোনো স্মৃতি সংসদ’ এর আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক শাহজাহান মিয়া সম্রাটের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, ‘রুহুল আমীন গাজী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
