অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ফাইনালের দলে কোনো পরিবর্তন আনছে না তাদের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল জেতা দলটি নিয়েই ফাইনালে লড়তে যাচ্ছেন তারা।
অস্ট্রেলিয়া অবশ্য গতকাল পর্যন্ত তাদের চূড়ান্ত দল কি হবে তা জানায়নি। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে খেলা শুরুর আগে চূড়ান্ত দল জানানো হবে। ম্যাককালাম অবশ্য গতকাল ফাইনাল পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই জানিয়ে দেন যে, তারা সেমিফাইনালের দলটিকেই খেলাবেন।
নিউজিল্যান্ড গত মঙ্গলবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে।
বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি ২৯৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামলে বরাবরের মতোই ইনিংস ওপেন করেন ম্যাককালাম ও মার্টিন গাপটিল। এরপর ব্যাট করেন কেন উইলিয়ামসন ও রস টেইলর।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭৩ বলে ৮৪ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলকে জেতান গ্র্যান্ট এলিয়ট। তার সঙ্গে ব্যাট করেন কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি ও ড্যানিয়েল ভেট্রোরি।
তিন ফাস্ট বোলার ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের অবশ্য সেদিন ব্যাট করার প্রয়োজন পড়েনি। সেমিফাইনালে সবাই নিজের দায়িত্ব ঠিকভাবে করতে পেরেছেন বলেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে একই দল নিয়ে নামতে যাচ্ছে নিউ জিল্যান্ড।
নিউজিল্যান্ড দল : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট ইলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রনচি, ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট। -বিডিনিউজ
