আধুনিক সিঙ্গাপুরের জনকের শেষকৃত্য আজ

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ০১:৩৪

আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউয়ের শেষকৃত্য আজ রবিবার অনুষ্ঠিত হবে। বিশ্ব নেতাদের এই শেষকৃত্যে যোগদানের কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুষ্ঠানে যোগ দেবেন। ভারত তার মৃত্যুতে একদিনের শোক ঘোষণা করেছে। এদিকে প্রিয় নেতার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটেছে পার্লামেন্ট হাউস চত্বরে। খবর বিবিসি’র।

৯১ বছর বয়সে মারা যাওয়া লি কুয়ানকে ইতোমধ্যে আড়াই লাখ মানুষ শ্রদ্ধা জানিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল শনিবারও দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। এই লাইন যাতে আর দীর্ঘ না হয় সেজন্য কর্তৃপক্ষ নতুন কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। গত বুধবার পার্লামেন্ট হাউস চত্বরে লি কুয়ান ইউয়ের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শুক্রবার কর্তৃপক্ষ সতর্ক করে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত লাইনে দাঁড়ানো মানুষের পার্লামেন্ট হাউসে প্রবেশ করতেই নয় ঘণ্টা সময় লাগবে। ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব   দেন লি কুয়ান ইউ। তিনি দেশটির প্রথম প্রধানমন্ত্রী। তার শেষকৃত্যানুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নেতৃত্বে একটি প্রতিনিধ দল যেখানে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারও থাকবেন। ব্রিটেনের হাউস অব কমন্সের নেতা উইলিয়াম হগ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইউয়ান চাওসহ অনেকের অংশ নেয়ার কথা রয়েছে।