রাজধানীতে শনিবার কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাতিরঝিলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মনির হোসেন নামে এক বিক্রয় কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তেজগাঁও থানার সামনে রিপন গাজী নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় কামাল হোসেন নামের এক ঝুট ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৪৬ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীর হাতে আহত ব্যবসায়ীদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পথচারীরা।
ছিনতাইয়ের শিকার মনির হোসেন জানান, তিনি কুড়িল বিশ্বরোড এলাকার একটি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী। শনিবার দুপুরে ১টার দিকে গুলশান-১ এর ব্র্যাক ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে রিকশাযোগে কাওরানবাজারের একটি প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। রিকশাটি কাওরানবাজার রেলগেটের কাছে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন যুবক তাকে মাইক্রোবাসে তুলে হাতকড়া পরিয়ে মারধর করে। পরে টাকাগুলো নিয়ে হাতিরঝিলের ছাপড়া মসজিদের কাছে ফেলে রেখে যায়। দোকান মালিক রাসেলকে খবর দিলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান, হাতিরঝিল এলাকার ছিনতাইয়ের কোনো অভিযোগ থানায় আসেনি। বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।
কাওরানবাজারের কাঁচামাল ব্যবসায়ী রিপন জানান, শুক্রবার রাত দু’টার দিকে মিরপুরের মনিপুর বালুর মাঠের বাসা থেকে কাঁচামাল কেনার জন্য কাওরানবাজার যাচ্ছিলেন। তিনি গাড়ির জন্য রাতে মিরপুর-১০ নম্বরের বাসস্ট্যান্ডে এসে দাঁড়ান। এসময় কাওরানবাজার ডাকতে ডাকতে চালকসহ ৩/৪ জনের একটি পিকআপ ভ্যান সামনে দাঁড়ালে তিনি তাতে ওঠেন। পিকআপে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তেজগাঁও থানার সামনে আসার পর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তিনি গাড়ি থেকে লাফিয়ে বাইরে ছিটকে পড়েন। চিত্কারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার রাত দু’টার দিকে দুর্বৃত্তরা যাত্রাবাড়ীর মাতুয়াইল ভাঙ্গা প্রেস এলাকায় ঝুট ব্যবসায়ী কামাল হোসেনের পেটে ছুরিকাঘাত করে ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
