বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনালে দুই আম্পায়ারের নেওয়া বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ এখনও চলছে। এবার প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্কয়ারে প্রতিবাদ জানাতে সমাবেশ করেছেন।
কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ‘অবিচার’ আর এতে আইসিসির ভূমিকার প্রতিবাদে গতকাল শনিবার মেলবোর্ন স্কয়ারে জড়ো হয় একদল প্রবাসী বাংলাদেশি ক্রিকেট সমর্থক।
প্রতিবাদে আসা ক্রিকেটপ্রেমীদের অভিযোগ, আইসিসির ক্রিকেটকে অতিমাত্রায় বাণিজ্যিকরণের ফলে বাংলাদেশ-ভারতসহ বেশ কিছু ম্যাচের ফলাফল কিছু ‘নির্দিষ্ট’ দলের পক্ষে যায়। দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ডের বেশ কিছু ‘পক্ষপাতমূলক ভুল’ সিদ্ধান্তের কারণে বাংলাদেশ-ভারত ম্যাচটির ভাগ্য পালটে ভারতের সেমি-ফাইনাল নিশ্চিত হয় বলেও অভিযোগ করেন তারা।
বিশ্বকাপজুড়ে ‘নির্দিষ্ট একটি দলের’ প্রতি আইসিসির সদয় আচরণের অভিযোগ করেন সমাবেশের বক্তারা। শুধুমাত্র সেই ‘নির্দিষ্ট’ দলের ক্রিকেটারদের অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রতিটি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাদের বিজ্ঞাপন দেখানোটাকে কড়া ভাষায় সমালোচনা করেন তারা।
প্রতিবাদ সমাবেশে তারা ‘সেইভ ক্রিকেট, সেইভ আইসিসি’, ‘উই ওয়ান্ট ফেয়ার ক্রিকেট’, ‘ক্রিকেট ইজ নট ফর সেইল’সহ বেশ কিছু প্ল্যাকার্ড দেখা যায়। গত ১৯ মার্চে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট প্রাউন্ডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হারে বাংলাদেশ। ওই ম্যাচে ভারতের ইনিংসের ৪০তম ওভারে পেসার রুবেল হোসেনকে নো বল ডাকার ‘বিতর্কিত’ সিদ্ধান্তটি দেন আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ড।
ওভারের চতুর্থ বলটি ফুলটস দিয়েছিলেন রুবেল। বলটিতে বাউন্ডারি মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ইমরুল কায়েসকে ক্যাচ দেন ভারতের রোহিত শর্মা। তবে পাকিস্তানের আম্পায়ার দার বোলিং প্রান্তে থাকা ইংল্যান্ডের আম্পায়ার গৌল্ডকে বলটি কোমরের ওপরে ছিল বলে সংকেত দেন। গৌল্ড তখন ‘নো’ ডাকেন।
টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি কোমরের ওপরে ছিল না। তখন টিভি ধারাভাষ্যকাররাও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। আম্পায়ারদের এই সিদ্ধান্ত নিয়ে পরে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই সমালোচনা করেন। ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। রুবেলের বল ‘নো’ ডাকা নিয়ে পরে আম্পায়ারদের সিদ্ধান্তের পক্ষে ‘সাফাই’ গায় আইসিসি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্তটি আম্পায়ারদের ‘ফিফটি ফিফটি কল’ ছিল উল্লেখ করলেও এর কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।-বিডিনিউজ
