দু’বার বিয়ে করলেও কোনো সংসারই টেকেনি সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের। কিন্তু তার পরেও আশা ছাড়েননি তিনি। সম্প্র্রতি জানালেন আবারও বিয়ে করতে চাইছেন তিনি। ব্রিটনি বলেন, ‘এমন নয় যে বিয়ে না করে আমি থাকতে পারবো না। কিন্তু এই মুহূর্তে আমি মনে করছি জীবনে চলার পথে কাউকে পাশে পেলে খুব একটা মন্দ হয় না। মনে হচ্ছে কাউকে ভালোবাসতে পারলে ভালো লাগতো।’ ৩৩ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী আরও বলেন, ‘আমি আমার দুই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওদের ছাড়া আমি নিজেকে এখন কল্পনাও করতে পারি না। তবে আমি আবারও মা হতে চাই। আমার দুই ছেলে খুবই ভালো। তবে এবার আমি একটা কন্যা সন্তান চাই। যাকে আমি আমার মতো করে তৈরি করতে পারবো। এমনটি হলে মন্দ হতো না!’ সন্তানের জন্যই কি আবারও বিয়ে করতে চাচ্ছেন জানতে চাওয়া হলে ব্রিটনি বলেন, ‘না, ব্যাপারট মোটেও তেমন নয়। আমি নিজের জন্যই বিয়ে করার কথা ভাবছি। মাঝে মাঝে মনে হয় গোটা জীবন একা কাটানো বেশ কঠিন। তাই পাশে কেউ থাকলে ভালোই হয়।’
