রাজধানীতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে শিশু নিহত

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১১:৪৭

রাজধানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আল আমিন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর দারুসসালামের বর্ধনপাড়া বেড়িবাধ এলাকায় এই সংঘর্ষে আহত অবস্থায় আল আমিনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিন ঐ এলাকার কামাল হোসেনরে ছেলে।

প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে দারুসসালাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন শিশু 'ছোঁয়াছুঁয়ি' খেলা করছিল। এ সময় তারা ইয়ার্কি করে আল আমিনের মাথায় (ন্যাড়া মাথা) বালু দেয়। এর প্রতিবাদে আল আমিনের বড় ভাই (১২) তাদের ধাক্কা দেয়। ফলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে বখাটেরা আল আমিনকে এলোপাতাড়ি মারতে মারতে গুরুতর আহত করে। পরে তাকে অচেতন অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাদশাসহ (১২) পাঁচ শিশুকে পুলিশ হেফাজতে নিয়ে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর জন্য রবিবার আদালতে পাঠিয়েছে।