নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম বৃহদাকার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পুরনো প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া নিয়ে জানিয়েছেন, প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেললেও তার দল ভীত নয় বরং উজ্জীবিত। ফাইনালটি মেলবোর্নে হওয়ায় পঞ্চম শিরোপার সন্ধানে থাকা ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়াই এগিয়ে থাকছে, যেই ভেন্যুতে দল দু’টি সর্বশেষ ২০০৯ সালে মুখোমুখি হয়েছিলো।
দারুণ ছন্দে আছে নিউজিল্যান্ডও। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি তারা। টানা আট খেলায় জিতে ফাইনাল নিশ্চিত করেছে তারা। এর মধ্যে গ্রুপ পর্বে অকল্যান্ডে কম রানের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও এক উইকেটের একটি দুর্দান্ত জয় রয়েছে তাদের। শ্বাসরুদ্ধকর ওই খেলায় ব্ল্যাক ক্যাপদের জয়ে অবদান রাখেন ক্যান উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স ছয় উইকেট নিয়ে ধস নামিয়ে দিলেও ব্যাটহাতে তার দায়িত্বশীলতায় ১৫২ রানের লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড।
এর আগে ছয়বার সেমিফাইনাল থেকে বিদায় নিলেও সপ্তমবারের প্রচেষ্টায় প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। এ ব্যাপারে দলটির অধিনায়ক ম্যাককালাম বলেন, ‘আমরা ভীত নই, আমরা উজ্জীবিত। এটাই আমাদের জীবনের সবচেয়ে সেরা সময়। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা এই স্বপ্ন দেখেছি। তাই ফাইনালে পৌঁছানোটা আমাদের জন্য বিস্ময়কর একটি অর্জন।’
ফাইনালেও ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করে ম্যাককালাম বলেন, ‘আশা করছি, ভালো খেলতে পারলে দিন শেষে আমাদের মুখে হাসিই থাকবে। পেছনে আমাদের অভিযানের দিকে থাকালে দেখা যায়—এটা এমন কিছু যা খেলাটাকে এবং নিউজিল্যান্ডকে উদ্দীপিত করেছে।’
ম্যাককালাম মনে করেন, ফাইনালে মেলবোর্নে ৯০ হাজার সমর্থকদের সামনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের লড়াইটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। তিনি বলেন, ‘আমরা ভালো খেলবো। তবে কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। এর অর্থ এই না যে, অস্ট্রেলিয়া আমাদের হারাতে পারবে না। কিন্তু আমরা নিজেদের মেলে ধরবো এবং আমাদের দক্ষতা অনুযায়ী খেলবো, যেমনটা আমরা পুরো টুর্নামেন্টে করে এসেছি।’
ফাইনালেও নিউজিল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বলে জানালেন অধিনায়ক, ‘ব্যাটে-বলে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবো। বিনয়ের সঙ্গেই আমরা এই ধরনের ক্রিকেট খেলবো, আমরা এই অভিযানের পুরোটাতেই খেলেছি।’
বৃহদাকার মেলবোর্ন নিয়েও নিউজিল্যান্ড ভীত নয় বলে জানালেন ম্যাককালাম, কেননা ভেন্যুটিতে সর্বশেষ পাঁচ খেলার তিনটিতেই ব্ল্যাক ক্যাপসরা জয় পেয়েছে। অধিনায়ক ম্যাককালাম বলেন, ‘এটা আমাদের চূড়ান্ত খেলা। মেলবোর্নে অস্ট্রেলিয়ার পেছনে এক লাখ সমর্থক থাকবে। অস্ট্রেলিয়ার মতো অনেক ভালো দলের বিপক্ষে এটাকে ইতিহাস এবং ঐতিহ্যই বলা যেতে পারে।’ খেলাটির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ অল-রাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৫টি উইকেট নেয়া এই স্পিনার সম্পর্কে ম্যাককালাম বলেন, ‘তিনি খেলাটির জন্য অসাধারণ একজন দূত। খেলাটির জন্য তিনি তার অর্ধেক জীবনই কাটিয়ে দিয়েছেন। তিনি আমার অসাধারণ সতীর্থ। একই সঙ্গে খুবই ভালো বন্ধু। তার জন্য চূড়ান্ত সাফল্যটা হবে দারুণ কিছু।’
