ফাইনালের আগে সাবেকরা

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১১:৩০
আল-মামুন
বলা হচ্ছে, বিশ্বকাপের সেরা দু’ দল ফাইনাল খেলছে আজ। ফাইনালের আগে দু’ দলের বিচার বিশ্লেষণ করে দেশের সাবেক ক্রিকেটাররা বলছেন, অস্ট্রেলিয়াই একটু এগিয়ে থাকবে আজকের ফাইনালে। তবে নিউজিল্যান্ডের প্রথম ট্রফিটা দেখতে মুখিয়ে আছেন সবাই—
দু দলই সমান : রকিবুল হাসান
আমি কোন দলকেই এগিয়ে রাখছি না। আমি বলবো দু’দলই সমানে সমান। তবে অভিজ্ঞতার দিক থেকে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। ফাইনাল ম্যাচে অনেক  উত্তেজনা থাকবে। সেরা দল দুটিই ফাইনালে উঠেছে। অস্ট্রেলিয়া কিন্তু গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষেই হেরেছে। আমি বলবো তারা সেরা দলের বিপক্ষেই হেরেছে। নিউজিল্যান্ডের ব্যাটিং অসাধারণ। তারা শুরু থেকেই ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে ম্যাককালাম অনেক আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন। অধিনায়ক হিসেবে সে তার সেরাটা দিয়েছে। অন্যদিকে মাইকেল ক্লার্কের দলও ভালো ক্রিকেট খেলেছে। এটাই তার শেষ ম্যাচ। আজকের ম্যাচটি আমার মনে হয় পেসারদের হবে। তবে ড্যানিয়েল ভেট্টরিরও সুযোগ আছে ভালো কিছু করে দেখানোর। আমার মনে হয় আজকের ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। সবশেষে আমি বলবো আজকে বোলারাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিবেন। 
অস্ট্রেলিয়া ফেবারিট : হাবিবুল বাশার সুমন
আমি মনে করি অস্ট্রেলিয়াই ফেবারিট। তবে নিউজিল্যান্ডকেও পিছিয়ে রাখছি না। বিশ্বকাপের শুরু থেকে উভয় দলই খুব ভালো ক্রিকেট খেলেছে। শক্তির দিক থেকে দুই দলই ভালো ক্রিকেট খেলেছে। কন্ডিশনের দিক থেকে অস্ট্রেলিয়াই ফেবারিট। দুই দলের মধ্যে কাউকেই পার্থক্য করা যাচ্ছে না। উভয় দলই সমানে সমান। ফাইনালের সেরা খেলোয়াড়ের সম্পর্কে বলতে গেলে এক দুইজনকে নিয়ে আলাদা করে বলা মুশকিল। দু’দলেই এমন অনেক প্লেয়ার আছেন, যারা ম্যাচের রেজাল্ট ঘুরে দিতে সক্ষম।
নিউজিল্যান্ডের কাউকে নিয়ে বলতে গেলে গাপটিল, ম্যাককালাম, ট্রেন্ট বোল্ট, এরা যেকোন দিনে ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ রাখেন। ঠিক তেমনি অস্ট্রেলিয়ান দলেও এমন অনেক তারকা খেলোয়াড় আছেন, যারা ম্যাচ জেতানোর ইনিংস খেলার সামর্থ রাখেন।
এবার নিউজিল্যান্ড জিতুক : মোহাম্মদ রফিক
অস্ট্রেলিয়া চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ড কখনও বিশ্বকাপ জিততে পারেনি। তারা এই প্রথমবারের মতো ফাইনালে খেলছে। আমি মন থেকে চাই নিউজিল্যান্ড যেন এবার চ্যাম্পিয়ন হয়। নতুন দেশ চ্যাম্পিয়ন হোক সেটাই আমি চাইবো। কারণ নতুন কেউ চ্যাম্পিয়ন হলে, বিশ্বকাপে যারা কখনই ফাইনালে খেলার সুযোগ পায়নি তারা বাড়তি উত্সাহ পাবে। নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হলে নতুনদের জন্য বিশ্বকাপটা প্রেরণার হবে। নিউজিল্যান্ডের চেয়ে অনেক ওপরে অস্ট্রেলিয়া। কারণ তাদের হোমে খেলা। তারপরও বাজি ধরে বলা যায় না কারা জিতবে।
আমার মনে হয় কেউই ছাড় দিয়ে কথা বলবে না। ফাইনাল খেলায় উভয় দলেরই প্রতিযোগিতা থাকবে শিরোপাটা নিজেদের করে নেয়ার জন্য। ফাইনাল ম্যাচে আবার অনেক জিনিস মিসটেকও হতে পারে, যেটা দর্শকদের চোখে পড়বে। ফাইনাল ম্যাচে প্রেসার যে কি জিনিস সেটা বুঝা যাবে।   
অস্ট্রেলিয়াই এগিয়ে : আকরাম খান
অস্ট্রেলিয়াই এগিয়ে। তাদের মাঠে খেলা, তারা অনেক অভিজ্ঞ দল। তাছাড়া বিশ্বকাপের মতো বড় ম্যাচে তারাই সেরা দল। আমি তাদেরকেই এগিয়ে রাখছি। ফাইনাল ম্যাচে আমার মনে হয় তারাই ফেবারিট। নিউজিল্যান্ডকেও খাটো করে দেখার সুযোগ নেই। তারা শুরু থেকে ভালো ক্রিকেট খেলছে। নিজেদের প্রতিটি ম্যাচেই জিতেছে। আমি মনে করি ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুই দলেরই এমন কিছু খেলোয়াড় আছে যারা মুহূর্তের মধ্যে ম্যাচের পট পরিবর্তন করে দিতে পারেন। অস্ট্রেলিয়ায় যেমন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার ও স্মিথ রয়েছেন, ঠিক তেমনি নিউজিল্যান্ডেরও ম্যাককালাম-এলিয়টরা রয়েছেন। ম্যাককালাম প্রতিটি ম্যাচেই উড়ন্ত সূচনা এনে দিয়েছে দলকে। ফাইনাল ম্যাচে সে যদি ভালো শুরু এবং লম্বা ইনিংস খেলতে পারে তাহলে ম্যাচটা জমে উঠবে। এত কিছুর পরও আমি অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখবো।