মায়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে একটি বড় বার্ষিক সামরিক কুচকাওয়াজে উপস্থিত থাকা থেকে বিরত থেকেছেন।
কুচকাওয়াজে দেশটির সেনাবাহিনী প্রধান আসন্ন সাধারণ নির্বাচনে ‘স্থিতিশীলতার কোনো ধরনের ব্যত্যয়’ এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গণতন্ত্রের মানস কন্যা সুচি কিছুদিন থেকে ছোটো-খাটো স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। শুক্রবার তিনি দেশের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তার অনুপস্থিতি ছিল প্রকটভাবে দৃশ্যমান।
সু চির সঙ্গে ঘনিষ্ঠ তার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)’র একটি সূত্র এএফপিকে বলেন, ‘এ মুহূর্তে তার বিশ্রাম প্রয়োজন। সে কারণে তিনি নাইপিদোর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।’ তবে তার শারীরিক অবস্থা ‘ভালো’।
মিয়ানমারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন উপলক্ষে অং সান সুচি তার তত্পরতা বাড়িয়ে দিয়েছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে নোবেল বিজয়ী ৬৯ বয়সী নেত্রীর দল নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করা হচ্ছে।
