পোড়ানো হলো আনুশকার ছবি

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৪:১৬
বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক অষ্ট্রেলিয়ার কাছে পরাজয়ে বেজেছে ভারতের বিদায় ঘণ্টা। আর এই পরাজয়ের জন্য দায়ী হচ্ছেন আনুশকা শর্মা! অদ্ভুত হলেও সত্য, ভারতের কিছু সমর্থক এটাই মনে করছেন। ইতোমধ্যে সে দেশের বিভিন্ন স্থানে ধোনি, কোহলি, রায়নাদের সাথে পোড়ানো হয়েছে আনুশকার ছবি। এমনকি আনুশকার বাড়িতে হামলার চেষ্টাও নাকি করেছেন ক্ষিপ্ত সমর্থকেরা। আর এই সময়ে পুরো বলিউডকেই পাশে পাচ্ছেন আনুশকা।
এই নিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া টুইটারে টুইট করেছেন, ‘একজন প্রেমিকা তার প্রেমিককে উত্সাহ যোগাতে মাঠে গিয়েছেন। অথচ এসব নিয়ে এখন কি হচ্ছে!’ প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন বলেন, ‘নিজের মানুষ এবং নিজ দেশকে সমর্থন করতে সে মাঠে গিয়েছিল। অথচ ভারতের পরাজয়ের দায় দেয়া হচ্ছে তাকে। যারা এমনটি করছেন আমি তাদের অন্য কোনো খেলা দেখার অনুরোধ করবো। ক্রিকেট তাদের জন্য নয়।’ অভিনেতা ঋষি কাপুর বলেন, ‘তোমার সাথেই আছি প্রিয় আনুশকা। অশিক্ষিত ও মূর্খ কিছু মানুষের জন্য মন খারাপ করো না।’
আনুশকার পক্ষে টুইটারে ঝড় তুলেছেন অভিষেক বচ্চন, দিয়া মির্জা, কারনবীর বোহরা, সানিয়া মির্জা’সহ আরও অনেকে।