মনোনয়নপত্র জমা দিলেন সাঈদ খোকন

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৫:১৭
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা এই মনোনয়নপত্র জমা দেন।
এ সময় সাঈদ খোকনের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সংসদ সদস্য ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দীন প্রমুখ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। আর দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল বৃহস্পতিবার। ১০ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশন এলাকায় ভোট হবে।