বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘যারা অপরাধ করেছেন, তাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক থাকতেই পারে, তবে বিএনপির আরো অনেক নেতা রয়েছেন যারা নির্ভয়ে চলাফেরা করছেন, তাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক নেই। যারা পেট্টোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করার মতো নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, তাদের মনেই ভয় ও গ্রেপ্তার-আতঙ্ক আছে এবং তারা আত্মগোপনে রয়েছে।’ রবিবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা জগশ্বর মাধ্যামিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে যারা মনোনয়নপত্র তুলেছেন, তারা জমাও দেবেন এবং সকল রাজনৈতিক দল বিভিন্ন প্রার্থীকে সমর্থনও দেবেন আর নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ফলে কোন দল রাজনৈতিকভাবে কী করল, কী বলল সেটা ভাববার সময় এখন আর নেই। তবে সরকার দেশের উন্নয়নের স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা করবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে—এটাই স্বাভাবিক। এতে কোন দলের লোক জড়িত, সেটা দেখার বিষয় নয়।’
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আকতারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা জগশ্বর মাধ্যামিক বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক রাজা, জুনিয়াদহ উপি চেয়ারম্যান শাহেদ আহমেদ শওকতসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
