ডিএসইতে আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৮:৩৩
                                                                                                      
 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেন হয়েছে ৩৯৩ কোটি টাকার, যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ।এর আগে ১৩ জানুয়ারিতে লেনদেন হয়েছিল ৪০৪ কোটি টাকার।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে—রাজনৈতিক অস্থিতিশীলতা কিছুটা শিথিল হওয়ায় বিনিয়োগকারীরা বাজারের দিকে ঝুঁকতে শুরু করেছেন। এতে বাজারে লেনদেন বৃদ্ধি পাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে ছিল জ্বালানি খাত। এ খাতে লেনদেন হয়েছে ৯১ কোটি ৮৮ লাখ টাকার, যা বাজারের মোট লেনদেনের প্রায় সাড়ে ২৩ শতাংশ। এ ছাড়া, ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয়েছে ৯০ কোটি ২৩ লাখ টাকার, যা বাজারের মোট লেনদেনের ২৩ শতাংশ। অর্থাত্, এ দুই খাতে লেনদেন হয়েছে ১৮২ কোটি ১১ লাখ টাকার, যা বাজারের মোট লেনদেনের সাড়ে ৪৬ শতাংশ। এ দিকে, খাতভিত্তিক দরবৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে ছিল আর্থিক খাত। এ খাতের কোম্পনিগুলোর শেয়ারদর গড়ে ৩ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। এ ছাড়া, জ্বালানি খাতের কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ।
তথ্যে দেখা গেছে—রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৮ বেড়ে ৪ হাজার ৫৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ২৪ বেড়ে ১ হাজার ৭৩৭ দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯৩ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৪২ কোটি ২০ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৯৩ বেড়ে ১৩ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৩১ লাখ টাকার। লেনদেনকৃত ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দর।
সিএসই সূত্রে জানা গেছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত্ ও জ্বালানি খাতের কোম্পানি বরকতউল্লাহ ইলেকট্রো ডায়নামিকসের নাম ও ট্রেডিং কোড পরিবর্তিত হচ্ছে। কোম্পানিটির নতুন নাম বারাকা পাওয়ার লিমিটেড এবং ট্রেডিং কোড হবে বারাকাপাওয়ার। আগামী ৭ এপ্রিল থেকে নতুন নাম এবং ট্রেডিং কোড অনুযায়ী কোম্পানিটির লেনদেন হবে।