উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ে পিছিয়ে থাকলেও বিগত সময়ের তুলনায় অর্থছাড়ের পরিমাণ বেড়েছে। চলতি অর্থবছরে (২০১৪-১৫) প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দাতাসংস্থা ও উন্নয়ন সহযোগী দেশগুলো থেকে প্রতিশ্রুতি এসেছে ২৪৭ কোটি ৩৪ লাখ ডলারের সমপরিমাণ। গত অর্থবছরে একই সময়ে ছিল ২৮৪ কোটি ৪৬ লাখ ডলার। অন্য দিকে, চলতি অর্থবছরের ৮ মাসে অর্থছাড় হয়েছে মোট ১৮৪ কোটি ১৪ লাখ ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ১৪৯ কোটি ৪৮ লাখ এবং অনুদান ৩৪ কোটি ৬৬ লাখ ডলারের সমপরিমাণ। গত অর্থবছরের একই সময়ে অর্থছাড় হয়েছিল ১৮২ কোটি ৭৩ লাখ ডলারের সমপরিমাণ। অর্থনীতি সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইআরডির হালনাগাদ তথ্যে দেখা গেছে—ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি অর্থছাড় করছে বিশ্বব্যাংক। ৮মাসে সংস্থাটি ছাড় করেছে ৫৭ কোটি ৬৫ লাখ ডলারের সমপরিমাণ। এ ছাড়া, এশীয় উন্নয়ন ব্যাংক ছাড় করেছে (এডিবি) ৫২ কোটি ৭৯ লাখ ডলার, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১০ কোটি ১৪ লাখ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ১৫ কোটি ৬১ লাখ ডলার ও জাতিসংঘ ৩ কোটি ৩০ লাখ ডলার ছাড় করেছে। সংশ্লিষ্টরা জনালেন—কাঙ্ক্ষিত হারে নতুন প্রকল্পে চুক্তি স্বাক্ষরে বিলম্বিত হওয়ায় প্রতিশ্রুতির আকার তুলনামূলক কম হয়েছে।
আলোচ্য সময়ে ঋণ ও ঋণের সুদ বাবদ উন্নয়ন সহযোগীদের ৭৯ কোটি ৩৪ লাখ ডলার পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে ইআরডি। এর মধ্যে আসল ৬৬ কোটি ৫৪ লাখ ডলার এবং সুদ ১৩ কোটি ৪৩ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে ৯১ কোটি ২৮ হাজার ডলার পরিশোধ করা হয়েছিল। এর মধ্যে আসল ৭৬ কোটি ৫৪ লাখ ডলার এবং সুদ ১৪ কোটি ৪৭ লাখ ডলার ছিল।
