জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা বকেয়া আয়করের বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী। রবিবার কর কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর ড. ইউনূসের আইনজীবি মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ইউনূস সাহেব দেশের বাইরে থাকায় তার পক্ষ থেকে আলোচনার সময় বৃদ্ধির আবেদন করেছি। আগামী ১৩ এপ্রিল কমিশনারের সঙ্গে বৈঠকে বসব।’
উল্লেখ্য, সম্প্রতি কর অঞ্চল-৬ থেকে চিঠি পাঠিয়ে ড. ইউনূসকে বকেয়া আয়করের বিষয়ে আলোচনায় বসতে অনুরোধ জানানো হয়। এ পরিপ্রেক্ষিতে ড. ইউনূসের আইনজীবী রবিবার সকালে কর কমিশনারের সাথে সাক্ষাত্ করেন।
এ বিষয়ে কর অঞ্চল-৬-এর কমিশনার মেফতাহ উদ্দিন বলেছেন, ‘আদালতের বাইরে ড. ইউনূসের আয়করের বিষয়টি সমাধান করতে ড. ইউনূসকে ডাকা হয়েছিল। তিনি দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি। ওনার পক্ষ থেকে কর আইনজীবী আলোচনার জন্য সময় চেয়েছেন।’
