সর্বশেষ ওয়ানডে খেলেছেন সেই ২০১৩ সালে; ভারতের বিপক্ষে। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া তো দূরে থাক, এর মধ্যে জাতীয় দলের হয়ে আর খেলাই হয়নি আজহার আলীর। অথচ সেই আজহারকেই অধিনায়ক হিসেবে বেছে নিতে যাচ্ছে পিসিবি। এমনটা জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিইনফো।
আসছে এপ্রিলের ১৫ তারিখ বাংলাদেশে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটা টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে পাকিস্তান। আর বিশ্বকাপ দিয়েই মিসবাহ উল হক আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোয়, বাংলাদেশে অধিনায়ক হয়ে আসবে আজহার আলী।
পিসিবি’র এই সিদ্ধান্তে বড় একটা ভূমিকা আছে কোচ ওয়াকার ইউনুসের। কোয়ার্টার ফাইনাল থেকে পাকিস্তানের বিদায়ের পর ওয়াকার সিডনিতে গেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। তবে যাওয়ার আগে এক লিখিত প্রতিবেদন দিয়ে গেছেন বোর্ডকে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াকার মিসবাহ-উল-হকের উত্তরসূরি হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে একদা তাঁর অপছন্দের ব্যাটসম্যান আজহার আলীর নাম বলেছেন!
আজহার আলী এখন অবধি খেলেছেন মাত্র ১৪ টি ওয়ানডে। তবে, তাতে ব্যাটিং গড়টাকে বেশ ভালই বলতে হয় - ৪১.০৯। ওয়ানডেতে না খেললেও ৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে নিয়মিত দেখা যায় টেস্টে। ওয়ানডেতে, তার ডেপুটি হিসেবে দেখা যাবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান শারফ্রাজ আহমেদকে। টি-টোয়েন্টিতেও তিনি শহীদ আফ্রিদির ডেপুটির দায়িত্ব পালন করবেন।
