নিজের নৈপুণ্যে বিস্মিত বিশ্বকাপের স্টার্ক

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ২১:৫১
 
আট বছর পর আবারো বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়লো অস্ট্রেলিয়া। দলকে সেরার কাতারে পৌছে দিতে পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ পারফরমেন্স করেছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। ৮ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন তিনি। তাই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিটা পেয়ে যান স্টার্ক। তা পেয়ে অবাক স্টার্ক, ‘বিস্ময় জাগানোর মত পারফরমেন্স করলাম আমি। অসাধারণ ক্রিকেট খেলেছে দলের সবাই।’

পাঁচ বছর আগে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অভিষেক হয় স্টার্কের। কিন্তু এই পাঁচ বছরে মাত্র ৪১টি ওয়ানডে খেলেছেন তিনি। নিজের বোলিং বৈচিত্র্য, গতি, সুইং সবকিছু শুরু থেকেই বিশ্বকে দেখিয়েছেন স্টার্ক। কিন্তু ইনজুরির সাথে লড়াই করে জিততে পারেননি কখনো। ফলে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়ে তাকে।
তবে গেল এক বছর ইনজুরি খুব বেশি ঝামেলা করতে পারেনি স্টার্কের সাথে। তাই বিশ্বকাপ দলে অনায়াসেই সুযোগ পেয়ে যান তিনি। নিজের ঝলক তো আগেই দেখিয়েছেন স্টার্ক। এবার বিশ্বকাপের মত বড় আসর, বড় মঞ্চ- তাই এখানে তো আরও বেশি উজ্জলতা ফুটিয়ে তোলা উচিত।
 
বিশ্বকাপ শুরুর পর থেকেই বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বেকাদায় ফেলেছেন স্টার্ক। তার গতি ও সুইং-এর সামনে দিশেহারাই ছিলো অনেক ব্যাটসম্যানই। তাই ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই ২২ উইকেট শিকার করেছেন স্টার্ক। ফলে টুর্নামেন্ট সেরার পুরস্কারও পান তিনি। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে পেরে নিজের অভিমতে স্টার্ক বলেন, ‘বিস্ময় জাগানোর মত পারফরমেন্স করলাম আমি। অসাধারন ক্রিকেট খেলেছে দলের সবাই। দল হিসেবে পুরো টুর্নামেন্টে দারুন খেলেছে নিউজিল্যান্ড। তবে আসল পরীক্ষায় তাদের চেয়ে আমরা ভালো খেলেছি। গেল কয়েক মাস নিজেকে নিয়ে অনেক বেশি কাজ করেছি। বোলিংয়ের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছি। দলের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। তাই এখন শুধু সময়টা উপভোগ করতে চাই।’—বাসস