সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণের পেছনেও ষড়যন্ত্র রয়েছে: খাদ্যমন্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ২২:৩০
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে এসে বিএনপি শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে। তবে পুড়িয়ে মানুষ হত্যার কর্মসূচি এখনো অব্যাহত রাখায় প্রমাণিত হয়েছে যে, তারা ভালো মন নিয়ে নির্বাচনে আসেনি। নির্বাচনে অংশগ্রহণের পেছনেও তাদের গভীর ষড়যন্ত্র থাকতে পারে।
রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিত্সক পরিষদ ও মুক্তিযোদ্ধা চিকিত্সক কাউন্সিলের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সিটি নির্বাচনে বিএনপির লেভেল প্লেয়িং ফিল্ড দাবি নাকচ করে দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যারা দুষ্টলোক, সন্ত্রাসী কর্মকান্ড করে, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নয়। নির্বাচনে দুষ্টকে সমর্থন করবেন আর লেভেল প্লেয়িং ফিল্ড চাইবেন এটা হতে পারে না। যারা ভদ্র লোক তাদের জন্যই থাকবে লেবেল প্লেয়িং ফিল্ড। তিনি বলেন, বর্তমানে দেশে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষের শক্তির লড়াই চলছে। এ লড়াইয়ে জিততে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
 
বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিত্সক পরিষদের সভাপতি ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনালের (অব.) হেলাল মোর্শেদ খান, সাবেক সংসদ সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।