ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, নিহত ১৫

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ২৩:৪১

ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহীদের সদর দপ্তরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৫ বিদ্রোহী নিহত হয়েছে। গতকাল রোববার এক সামরিক কর্মকর্তা জানান, সানার পশ্চিমাঞ্চলে আল-সুবাহা ঘাঁটিতে গত রাতে এ হামলা চালানো হয়। রাজধানীর সামরিক হাসপাতালের চিকিত্সা কর্মীরা জানান, হাসপাতালে নিহত ১২ জনের মৃতদেহ পাঠানো হয়েছে এবং আহত ১৮ যোদ্ধাকে ভর্তি করা হয়েছে।

গতকাল সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়, ইয়েমেনের রাজধানীতে আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, এতে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে আরব জোট বিমান হামলা চালাচ্ছে। বিমান বন্দরের এক সূত্র জানায়, এই প্রথমবারের মত আরব জোটের বিমান থেকে বিমানবন্দরে হামলা চালানো হল। গত চারদিন ধরে আরব জোট বিমান হামলা চালাচ্ছে। এদিকে নিরাপত্তাজনিত কারণে সানা থেকে সব কর্মী সরিয়ে নিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমবা ও অন্যান্য অঞ্চলের লোকজনের ইয়েমেন ছাড়ার হিড়িক পড়েছে। বিদেশী নাগরিকরা চেষ্টা করছেন নিজ নিজ দেশে ফিরে যেতে। তারা মনে করছেন যে কোন স্থানে এখন বিমান হামলা চালানো হতে পারে।

এদিকে, ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের সরাতে উদ্যোগী হয়েছে ভারত সরকারও। এজন্য ইতিমধ্যেই দুটি জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। দেশের রাশ এখন মূলত শিয়া হুতিদের হাতে। হুতিদের অবস্থানে বিমান হানা শুরু করেছে সৌদি আরব। অন্যদিকে শিয়াদের পক্ষ নিয়েছে ইরান। ফলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে মনে করছে দিল্লি।