ইয়েমেনে আটকা পড়েছেন দুই বাংলাদেশি প্রকৌশলী

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ২৩:৪৫

ইয়েমেনে যুদ্ধের মধ্যে আটকা পড়েছেন বাংলাদেশের দুইজন নাগরিক। গোলাম মোস্তফা ও সিরাজুল হক নামে দুইজন বাংলাদেশি প্রকৌশলী রাজধানী সানা নগরীর হোটেলে অবস্থান করছেন। যুদ্ধের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় তারা ইয়েমেন ছাড়তে পারছেন না। ইয়েমেনে বাংলাদেশের কোন কূটনৈতিক মিশন নেই। তাই তারা কোন সহায়তাও পাচ্ছেন না। প্রকৌশলী গোলাম মোস্তফা এক মাস আগে সানায় যাবার পর থেকেই পরিস্থিতির অবনতি হতে থাকে। এখন তিনি হোটেল শাহরানে অবস্থান করছেন। অপর প্রকৌশলী সিরাজুল হক অন্য একটি হোটেলে আটকা পড়েছেন। দু’জনই সানায় পাকিস্তান ও ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেও কোন সহায়তা পাননি। প্রকৌশলী গোলাম মোস্তফার গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বরাতিপাড়া গ্রামে। স্ত্রী ও দুই ছেলে ঢাকার মোহাম্মদপুরে শেখেরটেকে বসবাস করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সানায় দুই প্রকৌশলীর আটকা পড়ার ঘটনা শুনে কুয়েতে বাংলাদেশ দূতাবাসকে তাদের উদ্ধার করার নির্দেশ দিয়েছে বলে সূত্র জানায়।