আইসিসির সভাপতি পদটা আগের মতো ক্ষমতাধর পদ আর নেই। ‘তিন মোড়লের’ নীতি কায়েম করার সময়ে সভাপতি পদকে আলঙ্কারিক করে চেয়ারম্যানকে সর্বেসর্বা করা হয়েছে। তারপরও আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী কিছু সর্বোচ্চ সম্মান এখনও সভাপতিরই প্রাপ্য। কিন্তু এই গঠনতন্ত্রেরও তোয়াক্কা না করে গতকাল বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চেই রাখা হলো না বর্তমান সভাপতি আ হ ম মোস্তফা কামালকে। তার বদলে অস্ট্রেলিয়ার হাতে পুরস্কার তুলে দেন চেয়ারম্যান এন শ্রীনিবাসন।
বাংলাদেশের মাননীয় মন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি মোস্তফা কামাল এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কামালকে উদ্ধৃত করে জানিয়েছে, তিনি বলেছেন, গঠনতান্ত্রিক এই অধিকার ক্ষুণ্ন করায় তিনি ক্ষুব্ধ। সেই সঙ্গে কামাল বলেছেন, তিনি দেশে এসে আইসিসিকে যারা বিনষ্ট করছেন, তাদের ব্যাপারে সব খুলে বলবেন।
আইসিসির গঠনতন্ত্রে বলা আছে, বিশ্বকাপ ও অন্যান্য আইসিসি ইভেন্টে পুরস্কার বিতরণ করবেন সভাপতি। এই গঠনতন্ত্রের ঘোষণাকেও আইসিসি পাত্তা দেয়নি।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে ভারত ও বাংলাদেশ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলায় নিজের সংস্থারই বিরাগভাজন হন বাংলাদেশি এই রাজনীতিবিদ ও ক্রিকেট সংগঠক। তাকে এই অনুষ্ঠানে আদৌ রাখা হবে না, এমনটা আইসিসি আগের দিনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল বলে ভারতীয় একটি সংবাদ মাধ্যমই খবর প্রকাশ করেছিলো।
