পিঁপড়া ও ছারপোকার স্বাদ এক কথায় দুর্দান্ত! ভাবছেন তা কি করে হয়! পিঁপড়ার কথা তাও না হয় মানা গেল কিন্তু ছারপোকা দেখলেই তো শরীর গুলিয়ে যায়! আসলে পিঁপড়া আর ছারপোকার স্বাদ যে দুর্দান্ত তা সম্প্রতি এক সাক্ষাত্কারে জানিয়েছেন হলিউড অভিনেত্রী শেইলেন উডলি! উডলি বলেন, ‘আমি পিঁপড়া খেয়েছি। পিঁপড়ার স্বাদ সত্যিই খুব মজাদার। আর জুন প্রজাতির ছারপোকার তো কোনো তুলনাই চলে না। এই দুই খাবার আমার সবচেয়ে প্রিয়। আসলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে পোকামাকড়ই হবে আমাদের খাবার। আর এজন্যই এই খাবারগুলো আমি যাচাই করে দেখলাম!’
এমন অদ্ভুত আর কি খেয়েছেন জানতে চাওয়া হলে হলিউড এই অভিনেত্রী জানান, ‘কয়েক মাস আগে স্পেনে আমি শূকরের পা খেয়েছিলাম। এটারও কোনো তুলনা হয় না। খাওয়ার পর আমার মনে হয়েছিল যে আমার পাকস্থলীও এই খাবারের স্বাদ পেয়েছে!’ সম্প্রতি একটি ম্যাগাজিনের কিছু অদ্ভুত প্রশ্নের জবাবে নিজের অদ্ভুত কিছু স্মৃতি তুলে ধরেন উডলি। তার প্রিয় রং সম্পর্কে জানতে চাওয়া ২৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমার প্রিয় রং কালো। কালো রঙের পোশাকও আমার খুব পছন্দ।’
