রাস্তার পাশে দেয়াল, খাম্বা, অলিগলি ছেয়ে গেছে পোস্টার, ব্যানারে। কেউ চাইছেন দোয়া, কেউ চাইছেন ভোট। আছে সন্ত্রাস, মাদক দমন, নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি। দক্ষিণ সিটির ১৬ নম্বর ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী প্রার্থীর ছড়াছড়ি। মাঠে নেই বিএনপির প্রার্থী।
১৬ নং ওয়ার্ড:ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড গঠিত হয়েছে ফ্রি স্কুল স্ট্রিট কাঁঠালবাগান, নর্থ রোড, সার্কুলার রোড, গ্রিন কর্নার, গ্রিন স্কয়ার, গ্রিন রোড পূর্ব, ওয়েস্ট এন্ড স্ট্রিট, আল আমীন রোড, নর্থ সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট (হাতিরপুল), ক্রিসেন্ট রোড এলাকা নিয়ে। এই ওয়ার্ডের নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় আছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ থেকে ১২ জন। প্রার্থী হওয়ার দৌড়ে আছেন কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন পলাশ, সাধারণ সম্পাদক মো. সরওয়ার, ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন বাবু, যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. শাহ আলম খান, কাঁঠালবাগান দক্ষিণের সভাপতি নাসিম আলী দেওয়ান, সাধারণ সম্পাদক হাজী মো. রফিকুল ইসলাম বাবু প্রমুখ। আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর হিসেবে ভোটযুদ্ধে অংশ নিতে তারা প্রস্তুত। জামিল হোসেন পলাশ বলেন, ওয়ার্ড সভাপতি হিসাবে দলের সমর্থন পাবো বলে আশা করি। কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো। নাজিমুদ্দিন বাবু বলেন, জনগণের সেবার জন্য তরুণ নেতৃত্ব দরকার। রফিকুল ইসলাম বাবু বলেন, আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। তিনি এসব মানুষ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান। এই ওয়ার্ডের বিএনপি দলীয় রাজনীতি নিয়ন্ত্রণ করেন তিন নেতা। তারা হলেন: সাবেক ওয়ার্ড কমিশনার সিরাজুল ইসলাম, বিএনপি নেতা সাদেকুর রহমান টুটুল ও মোজাম্মেল হোসেন বাবু। এদের মধ্যে মোজাম্মেল হোসেন বাবুকে কখনো কখনো এলাকায় দেখা গেলেও এলাকাবাসী এখন পর্যন্ত বাকি দু’জনের দেখা পায়নি। এই ওয়ার্ডে বিএনপির নেতাদের মধ্যে দলীয় কোন্দল রয়েছে। কিন্তু তারপরেও বিএনপি নির্বাচনে অংশ নিলে সাবেক ওয়ার্ড কমিশনার সিরাজুল ইসলামের দলীয় সমর্থন পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আবার এই ওয়ার্ডের বিএনপি নেতা সাদিকুর রহমান টুটুল এবার নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার অন্যতম দাবিদার। এবার দলীয় সমর্থন না পেলে বিদ্রোহী প্রার্থী হিসাবে তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। অপর বিএনপি নেতা মোজাম্মেল হক বাবু ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির রাজনীতিতে পরিচিত নাম। তিনিও এই ওয়ার্ডের বিএনপি দলীয় অন্যতম কাউন্সিলর প্রার্থী। প্রচারণায় আছেন জাতীয় পার্টির কলাবাগান থানার আহ্বায়ক মো. আনিছুর রহমান। তবে অপু শিকদার নামে জাপার আরেকজন প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান মো. রফিকুল ইসলাম রফিক।
