সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ গোপীবাগ

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১২:৩১
রাজধানীর গোপীবাগে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। এসব চাঁদাবাজদের কবল থেকে বাঁচার জন্য এলাকাবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যে লিখিত আবেদন করেছে।
আবেদনে বলা হয়েছে, গোপীবাগে সন্ত্রাসী হারুন বাহিনীসহ একাধিক সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রুপ রয়েছে। তারা নানা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি করছে। আবার অনেকেই ডিশ ব্যবসায়ের আড়ালে জোর করে বাড়তি টাকা বা চাঁদাবাজি করছে। সেখানে নতুন ফ্ল্যাট কিনতে বা বাড়ি নির্মাণ করতে সন্ত্রাসীদেরকে চাঁদা দিতে হয়। এমনকি বাসা ভাড়া নেওয়ার পর নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। কেউ চাঁদা দিতে রাজি না হলে তার ওপর সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তাকে নানাভাবে হুমকি ও পরে পথেঘাটে লাঞ্ছিত করা হয়। এসব চাঁদাবাজ এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চাঁদাবাজি প্রতিরোধে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জমা দিয়েছে।
মতিঝিল থানা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর চিহ্নিত চাঁদাবাজদের ধরার জন্য পুলিশের তত্পরতা অব্যাহত আছে।