রাজশাহীর গোদগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ভারতীয় নাগরিকের নাম সুদানা (৬৯)। ভারতের মুর্শিদাবাদ থেকে তিনি রাজশাহীতে মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোদাগাড়ীর সোনাদিঘীর মোড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় নাগরিক সুদানা। রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘গোদাগাড়ীর সোনাদিঘীর মোড়ে সড়ক দুর্ঘটনার শিকার ভারতীয় এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। তবে এর বেশি কিছু জানা যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।’
রাজশাহী নগরের রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, ‘ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।’
আরও পড়ুনঃ বিয়ের দাবিতে বিষের শিশি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
নিহত নারীর মরদেহ তার দেশে যাবে বলেও জানান হাফিজুর রহমান।
ইত্তেফাক/নূহু
