বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় গত বছরের নভেম্বর থেকে সদস্য সংগ্রহের অভিযান শুরু করে বিজেপি। মাত্র পাঁচ মাসের ব্যবধানে রবিবার ভারতের ক্ষমতাসীন দলটির সদস্য সংখ্যা আট কোটি ৮০ লাখে পৌঁছেছে। আশা করা হচ্ছে, চলতি মাস শেষে বিজেপির সদস্য ১০ কোটি ছাড়িয়ে যাবে।
এতোদিন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হতো। দলটির সদস্য সংখ্যা আট কোটি ৬০ লাখ।
আগামী ৩-৪ এপ্রিল বেঙ্গালুরুে বিজেপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হবে। সেখানে দলীয় সদস্যের চূড়ান্ত সংখ্যা ঘোষণা করবেন বিজেপির সভাপতি অমিত শাহ। দলের সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনাটি তার কাছ থেকেই এসেছে।
