‘সমান সুযোগ’ এর দায়িত্ব নির্বাচন কমিশনের : হানিফ

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১৭:০৭
 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ যারা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের আশ্বস্ত করে বলেছেন, লেভের প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ক্ষমতাসীন দল হিসেবে আমাদের যা সহযোগিতা করার তা করব। নির্বাচন কমিশনের যা যা করার প্রয়োজন তা তারা করবে।
 
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
 
কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা প্রমুখ বক্তৃতা করেন।
 
হানিফ বলেন, যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আছে তারা যদি মনে করেন নির্বাচনের ধুয়া তুলে মাঠে প্রাতষ্ঠিত হবেন সেই সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী-নাশকতাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নেবে।
 
বেগম খালেদা জিয়া অবরুদ্ধ’ বিএনপি নেতাদের এমন দাবির সমালোচনা করেন তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কে অবরুদ্ধ করেছে? উনি নিজেই অবরুদ্ধ হয়ে আছেন। আর যদি উনি অবরুদ্ধ থাকেন তাহলে তারেক রহমান ও জামায়াত অবরুদ্ধ করেছে। বেগম খালেদা জিয়া অবরুদ্ধের এই নাটক বন্ধ করুন। আপনি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন। কোনো সুস্থ মানুষ ৩ মাস রাজনৈতিক কার্যালয়ে থাকে না।’
 
 তিনি বলেন, ‘জামায়াত-বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ভোটের অধিকারের ধুয়া তুলে মানুষকে জিম্মি করার চেষ্টা করছে। মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। গত আড়াই মাসে মানুষ পুড়িয়ে হত্যা করে খালেদা জিয়া ও তার পুত্রদের মামলা থেকে বাঁচতে চাইছেন।’