আগামী বুধবার থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলায় এ বছর ১ লাখ ৯৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৫১ হাজার ৯৬৯ জন ছাত্রী এবং ৪৯ হাজার ৫ জন ছাত্র। এদিকে হরতাল-অবরোধের এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ-উত্কণ্ঠা দেখা দিয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর ১ লাখ ৯৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৪৩৭ জন ছাত্র ও ৫ হাজার ৮০৭ জন ছাত্রী, মানবিক বিভাগে ১৪ হাজার ১০৫ জন ছাত্র ও ২৭ হাজার ৩৪ জন ছাত্রী এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৬ হাজার ৪৬৩ জন ছাত্র ও ১৯ হাজার ১২৮ জন ছাত্রী রয়েছে।
এরমধ্যে জেলাওয়ারী কুমিল্লায় ৩৪ হাজার ৪২৪ জন, চাঁদপুরে ১৫ হাজার ৩২৯ জন, লক্ষ্মীপুরে ৯ হাজার ৫৯১ জন, ফেনীতে ৯ হাজার ৪৩৪ জন ও নোয়াখালী জেলায় ১৭ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী রয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, প্রশ্নপত্র, উত্তরপত্রসহ অন্যান্য উপকরণ সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের নিকট প্রেরণ করা হয়েছে।
