ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডে এখন শেষ মুহূর্তের আলোচনা চলছে, যেখানে বিশ্বের শক্তিশালী ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। সুইজারল্যান্ডের লুসান শহরে ওই আলোচনা চলছে। খবর বিবিসি’র।
আজ মঙ্গলবার একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছানোর শেষ দিন। ইরান বলছে, একটি চুক্তি হয়তো সম্ভব। কিন্তু এখনো অনেক বিষয়েই এখনো বোঝাপড়ার বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, সমঝোতা হলে কিভাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে, সেই প্রক্রিয়া নিয়েও উভয় পক্ষের মধ্যে বিতর্ক রয়েছে। ইরান বরাবরই দাবি করছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তাদের পারমাণবিক কর্মসূচি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশে আর জার্মানির সঙ্গে কয়েক মাস ধরেই ইরানের এই আলোচনা চলছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, সব পক্ষের মধ্যে একটি সমঝোতা হবে বলেই আশা করছি যেখানে সবারই স্বার্থ রয়েছে। তবে কোনভাবেই ইরানের পারমাণবিক বোমা তৈরির বিষয়টি মানা হবে না, এক্ষেত্রে কোন আপোষ করা হবে না। সংবাদদাতারা জানিয়েছেন, উভয় পক্ষ একটি সমঝোতার কাছাকাছি রয়েছে। কিন্তু চুক্তিটি স্বাক্ষর না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।
