রাজনীতি নয় প্রেমের জয়

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ০১:০৬

রাশিয়ায় প্রথা ভেঙ্গে বৈরী দুই রাজনৈতিক দলের দু’জন এমপির প্রেম বিয়ে পর্যন্ত গড়িয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী দলের দুই নেতার মধ্যে এ ধরনের বিয়ের ঘটনা রাশিয়ায় এই প্রথম। বর রুশ কমিউনিস্ট পার্টির এমপি ডেনিস ভোরোনেনকোভ, আর কনে ক্ষমতাসীন দল ওয়ান রাশিয়ার এমপি মারিয়া মাকসোকোভা।

সমপ্রতি উত্থাপিত একটি বিল নিয়ে সংসদীয় একটি কমিটিতে এই দুই এমপি যখন কাজ করছিলেন, তখন তাদের মন দেয়া নেয়ার ঘটনা ঘটে। শুক্রবার মস্কোতে তারা মালা বদল করেন। বিয়ের অনুষ্ঠানের পরপরই বর কনের পোশাকেই তারা দুজন সোজা কাজে চলে যান। যেহেতু এ ধরনের বিয়ে রাশিয়াতে এই প্রথম, তাই এই সম্পর্ক নিয়ে মুখরোচক কথাবার্তাও চলছে। কমিউনিস্ট এমপি ডেনিস সংসদে তার সহকর্মীদের বলেন, রাজনৈতিক মতভেদ আমাদের সম্পর্কে কোন বাধা তৈরি করছে না, বরং সম্পর্কে বৈচিত্র্য এনেছে। আর মাকসোকোভা একজন ওপেরা গায়িকা। তিনি বলেন, রাজনীতিকরাও মানুষ, তাদের আবেগ অনুভূতি থাকতেই পারে, তারাও প্রেমে পড়তে পারে। তাদের বিয়ের সংবর্ধনায় রুশ সংসদ দুমার সাড়ে চারশ’ সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে। দম্পতি বলেছেন, অনুষ্ঠান হবে অরাজনৈতিক। - বিবিসি