প্রতীক বরাদ্দের ৩ দিন আগেই প্রচারণার সুযোগ মিলবে

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ১১:৩৯
 
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের তিনদিন আগে থেকেই প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব  মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী তিন সিটি করপোরেশনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ১০ এপ্রিল। কিন্তু ৭ এপ্রিল থেকে প্রচারণা চালানো যাবে বলে ইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ নিয়ে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে জানালে সিরাজুল ইসলাম বলেন, আচরণ বিধি অনুযায়ী ভোটের ২১ দিন আগে প্রচারণা চালানো যাবে না। হিসাব করলে ৭  এপ্রিলের পূর্বে প্রচারণা করা যাবে না। তবে প্রতীক পাবে ১০ এপ্রিল। দুই দিন তারা প্রতীক ছাড়া প্রচারণা করতে পারবেন। প্রতীক বরাদ্দের তিন দিন আগে প্রতীক ছাড়াই প্রচারণা করতে পারবেন না, এ ধরনের কোনো নির্দেশনা দেয়া হবে না। এ কয়দিন বাড়ি বাড়ি গিয়ে সীমিত আকারে প্রচার-প্রচারণা চালানোর সুযোগ পাবেন তারা।
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১০ এর অনুচ্ছেদ ৪-এ নির্বাচনী প্রচারণার সময় প্রসঙ্গে বলা হয়েছে, ‘কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না।’ বিধি অনুসারে, ভোট গ্রহণের দিন থেকে পূর্ববর্তী ২১ দিন প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তবে সেখানে প্রার্থীর ছবি, দলীয় প্রতীক ও দলের নাম ব্যবহার করতে পারবেন না। ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হবে।
আচরণ বিধি লঙ্ঘন সম্পর্কে ইসি সচিব বলেন, আচরণ বিধি লঙ্ঘনকারী কোনো প্রার্থীকে ছাড় দেয়া হবে না। রবিবার ঢাকা উত্তর সিটির সম্ভাব্য এক মেয়র প্রার্থীকে আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন। সুতরাং আচরণ বিধি লঙ্ঘন করলে কেউ ছাড় পাবে না। অবশ্যই তাদের বিধি অনুসারে সাজা দেয়া হবে। তিনি জানান, সম্ভাব্য প্রার্থীরা যাতে আচরণ বিধি লঙ্ঘন না করতে পারেন তার জন্য তিন সিটিতে ৬টি করে মোট ১৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। বিধি লঙ্ঘন করলেই তারা তাত্ক্ষণিক ব্যবস্থা নেবেন। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ করা হবে ১০ এপ্রিল ও ভোট গ্রহণ ২৮ এপ্রিল।