চিলির উত্তরাঞ্চলে গত সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮তে দাঁড়িয়েছে। একই সংখ্যক লোক নিখোঁজ রয়েছে বলে কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে।
দেশটির আটাকামা অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পর রবিবার ও সোমবার অব্যাহত উদ্ধার অভিযানে আরো ছয় মৃতদেহের খোঁজ মেলে। এ নিয়ে মৃতের মোট সংখ্যা ১৮ দাঁড়িয়েছে।
চিলির প্রেসিডেন্ট মিচেল ব্যাচেলট সপ্তাহান্তে সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এবং ওই এলাকার পরিস্থিতি অত্যন্ত নাজুক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও পরিচ্ছন্নতা অভিযানে সহায়তার জন্যে সেনাবাহিনী পাঠিয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার চিলির উত্তরাঞ্চলে দীর্ঘসময় ধরে চলা মুষলধারার বৃষ্টিতে নদীর পানি উপচে ওই এলাকা প্লাবিত হয়।
-বাসস।
