মালিতে জঙ্গি হামলায় রেডক্রস কর্মী নিহত

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ১২:৪২
 
মালিতে সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের গুলিতে রেড ক্রসের একজন কর্মী নিহত ও অন্য একজন আহত হয়েছেন। মঙ্গলবার সংস্থাটির বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারীরা একটি ত্রাণবহনকারী গাড়িকে লক্ষ্য করে গুলি করলে হতাহতের এই ঘটনা ঘটে। গাড়িটি চিকিত্সা সরঞ্জাম আনার জন্য গাও থেকে পার্শ্ববর্তী নাইজারের নিয়ামিতে যাচ্ছিল।
আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) এক বিবৃতিতে এই ঘটনাকে ‘গভীর আতঙ্কের’ বলে অভিহিত করেছে।
ইসলামি বিদ্রোহী গোষ্ঠী মুজাও এএফপিকে জানিয়েছে তারা এই হামলা চালিয়েছে।
নিহত রেড ক্রস কর্মীর জাতীয়তা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি।
 
উত্তর ও পশ্চিম আফ্রিকার হেড অব অপারেশনস ইয়াসমিন প্রাজ ডেসিমোজ বলেন, ‘তিনি (নিহত কর্মী) গাও হাসপাতালের জন্য অতি প্রযোজনীয় চিকিত্সা সরঞ্জাম আনার জন্য গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।’
গুলিতে আহত মালির জাতীয় রেডক্রস কর্মী বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

২০১১ সালে মুজাও পশ্চিম আফ্রিকায় জিহাদ ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে গঠিত হয়।