কামারুজ্জামানের রায়: রিভিউ বুধবার, সময় চায় আসামিপক্ষ

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ০৯:৫৪
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় রাখা হয়েছে।
তবে এ বিষয়ে শুনানির আগে আরও সময় চেয়েছেন কামারুজ্জামানের আইনজীবীরা।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ গত ৯ মার্চ আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ১ এপ্রিল শুনানির দিন ঠিক করে দিয়েছিল। 
সে অনুযায়ী, বিষয়টি শুনানির জন্য বুধবারের কার্যতালিকার চার নম্বরে রাখা হয়েছে বলে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ জানান।
বশির আহমেদ বলেন, রিভিউ শুনানির জন্য আরও চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করা হয়েছে। 
এ মামলার আসামিপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, আমাদের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ। তাই তিনি শুনানিতে অংশগ্রহণে অপারগতা জানিয়েছেন। আমরা চার সপ্তাহ সময় চেয়েছি।