যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তোলা একটি শিশুর ছবি হাজার হাজার বার শেয়ার হয়েছে অনলাইনে। প্রথমবার টুইটারে পোস্ট হওয়ার পর টুইট হয়েছে এগার হাজার বারের বেশি।
ছবিটিতে দেখা যাচ্ছে, শিশুটি দুই হাত উপরে তুলে ভীতিকর দৃষ্টিতে তাকিয়ে আছে যা দেখে মনে হয় সে দাঁড়িয়ে আছে গান পয়েন্টে বা অস্ত্রের মুখে। হূদয় তোলপাড় করা এ ছবিটি আসলে ইন্টারনেটেরই হূদয় বিদীর্ণ করার মতো একটি ছবি যেটি দেখলে যে কারোরই প্রচণ্ড কষ্ট হবে ছোট এ শিশুটির জন্য। ছবিটি যিনি তুলেছেন সেই ফটো সাংবাদিক ওসমান সাগিরলির বর্ণনায়, ‘আমি একটি টেলিফটো লেন্স ব্যবহার করেছিলাম কিন্তু সে এটিকে একটি অস্ত্র ভেবেছিল। আমি বুঝতে পেরেছিলাম শিশুটি ভয় পেয়েছে। ছবিটি নিয়ে আমি দেখলাম কারণ সে তার ঠোঁট কামড়ে হাত উপরে তুলেছিলো। সাধারণ শিশুরা ক্যামেরা দেখলে মুখ লুকোয় বা হাসি দিয়ে দৌড় দেয়।’ তিনি জানান, ওই শিশুটি একটি মেয়ে। চার বছরের শিশুটির নাম হুদিয়া। ছবিটি তোলা হয়েছিল গত বছর ডিসেম্বরে সিরিয়ার আতমেহ এলাকার একটি শরণার্থী শিবিরে। -বিবিসি
