থাইল্যান্ডে সামরিক শাসনের অবসান চান প্রধানমন্ত্রী

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ০১:২৬

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যানওঁচা বলেছেন, দেশের সামরিক আইন সমাপ্তি হওয়া উচিত। সামরিক আইন বন্ধ করতে তিনি থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের অনুমোদন চেয়েছেন।

প্রায়ুথ চ্যানওঁচা বলেন, আমরা আর্টিকেল ৪৪ তৈরি করেছি। শীঘ্রই সেটি ব্যবহার করা হবে। সামরিক আইনের সমাপ্তির জন্য রাজার অনুমোদনের অপেক্ষা করছি। আর্টিকেল ৪৪ অনুযায়ী অন্যান্য ক্ষমতার মতোই প্রধানমন্ত্রীকে সার্বভৌমত্বের প্রতি যেকোন হুমকি প্রতিরোধে নির্বাহী আদেশ জারির ক্ষমতা দেয়া হবে। কোন পরোয়ানা ছাড়াই গ্রেফতার করার ক্ষমতা দেয়া হবে সেনাদের।

কয়েক মাসের গণবিক্ষোভের মুখে গত বছর মে মাসে দেশের সকল  ক্ষমতা নিজের হাতে   তুলে নেন জেনারেল প্রায়ুথ চ্যানওঁচা। মার্শাল ল’ জারির পর নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন প্রায়ুথ। সামরিক আইন জারির পর দেশটিতে জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। গণমাধ্যমের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত বছর ক্ষমতা দখলের পর প্রায়ুথ প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৫ সালের মধ্যেই নির্বাচন দেয়া হবে। কিন্তু তিনি এখনো তেমন কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না।