উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস কানাডার

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ০১:৫১

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়ট পিয়েরে লারামে। সোমবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ আশ্বাস দেন।

জাতীয় সংসদ ভবনের স্পিকারের দফতরে এই সাক্ষাত্কালে তারা কানাডা ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, উন্নয়নসহ বিভিন্ন দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। আগামীতে দু’দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা উভয়েই আশা প্রকাশ করেন। কানাডার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, দ্বি-পাক্ষিক বিষয়ে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আগামীতে সেই উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশসমূহের জীবনমানের উন্নয়নকে সিপিএ অগ্রাধিকার দিয়ে থাকে। দারিদ্র্য বিমোচন, গণতন্ত্র শক্তিশালীকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, জেন্ডার সমতা নিশ্চিতকরণসহ বিভিন্ন ইস্যুতে সিপিএ কাজ করে যাচ্ছে। দু’দেশের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।