বিশ্বকাপের যত রেকর্ড

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ০২:৩৪

চার বছর পর পর ক্রিকেট ঝড় ওঠে বিশ্ববাসীর চায়ের কাপে। বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাস, উন্মাদনা-উত্তেজনার সীমা-পরিসীমা থাকে না। অনেক আশা-প্রত্যাশা নিয়ে এবারের বিশ্বকাপটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের বিশ্ব ভালোবাসা দিবসে। প্রায় দেড় মাসব্যাপী শিরোপা জয়ের লড়াই শেষে ফাইনালে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জয় করে অস্ট্রেলিয়া। পর্দা নামে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ-২০১৫’র। তবে যাওয়ার আগে রেখে গেছে নানা রেকর্ডের ফুলঝুরি। এবার চোখ বুলানো যাক সেগুলোর দিকে।

l এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত ঘটনা টানা চার ইনিংসে কুমার সাঙ্গাকারার সেঞ্চুরি হাঁকানো। বিশ্বকাপ তো বটে, ওয়ানডে ক্রিকেটেও আর কোনো ব্যাটসম্যান এটি করে দেখাতে পারেননি।
l ডাবল সেঞ্চুরি চলতি বিশ্বকাপে দুবার দেখল ক্রিকেটবিশ্ব। গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের অনবদ্য ইনিংস খেলে ক্রিস গেইল প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। কোয়ার্টার ফাইনালে ক্রিস গেইলের চেয়েও অতিমানবীয় কিছু করে দেখান নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ২৩৭ রানের হার না মানা অবিশ্বাস্য ইনিংস উপহার দেন তিনি।
l বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬৪ বলে ১৫০ রান পূর্ণ করেন ডি ভিলিয়ার্স। ওয়ানডেতে এটি দ্রুততম ১৫০ রানের রেকর্ড।
l গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন ব্রেন্ডন ম্যাককালাম। বিশ্বকাপে এটিই দ্রুত অর্ধশতকের রেকর্ড।
l চলতি বিশ্বকাপে সর্বোচ্চ ২৬টি ছক্কা মারেন এবি ডি ভিলিয়ার্স। এক বিশ্বকাপে এটি সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। এ ছাড়া চলতি বিশ্বকাপে ডি ভিলিয়ার্স মারেন ২১টি ছক্কা।
l বিশ্বকাপের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের দখলে। দুজনে সমান ৩৭টি করে ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের ছক্কা ৩১টি।
l বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ক্রিস গেইলের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পথে তিনি ১৬টি ছক্কা মারেন।
l এবারের বিশ্বকাপ ছক্কার রেকর্ডও গড়ে। বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ ৩৫৪ ছক্কা হয়েছে।
l এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে অসাধারণ এক রেকর্ড গড়েন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ক্যারিবিয়ান তারকা ৩৭২ রানের অনবদ্য জুটি গড়েন।
l এক বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ সেঞ্চুরি :এক বিশ্বকাপে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রেকর্ড গড়েন কুমার সাঙ্গাকারা।
l এবারের বিশ্বকাপে সেঞ্চুরিরও রেকর্ড হয়েছে। এ বিশ্বকাপে সর্বমোট ৩৭টি সেঞ্চুরি হয়েছে। এর আগে ২০১১ বিশ্বকাপের আসরে সর্বোচ্চ ২৪টি সেঞ্চুরির মুখ দেখে বিশ্ব।
l কুমার সাঙ্গাকারা বিশ্বকাপে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন। বিশ্বকাপে সর্বোচ্চ ৫৪টি ডিসমিসালের রেকর্ড এখন সাঙ্গার দখলে।
l বাংলাদেশের সৌম্য সরকার ও পাকিস্তানের উমর আকমল ফিল্ডার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচ সর্বোচ্চ ৪ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন।
l আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে ৬ উইকেটে ৪১৭ রান তুলেছে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। বিশ্বকাপের এক ইনিংসে যেকোনো দলের এটাই সর্বোচ্চ রানের ইনিংস।
l গ্রুপ পর্বে আফগানিস্তানকে ২৭৫ রানের বড় ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপে যেকোনো দলের রানের ব্যবধানে পাওয়া এটিই বড় জয়।
l বিশ্বকাপে সর্বোচ্চ ১০টি স্ট্যাম্পিং করেন শ্রীলঙ্কান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা।
l এবারের বিশ্বকাপে দুটি হ্যাটট্টিক হয়েছে। বিশ্বকাপের প্রথম দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের শেষ ওভারে হ্যাটট্টিক করেন ইংলিশ পেসার স্টিভেন ফিন। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্টিক করেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি।

l কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা মিলে ৩১টি ছক্কা মারেন। বিশ্বকাপের এক ম্যাচে এটি সর্বোচ্চ ছক্কার রেকর্ড।