মিয়ানমারে খনি ধস: ৯ লাশ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১৮:০৭
 
মিয়ানমারের উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি খনিতে ভূমিধসের পর নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। অলংকারে ব্যবহার করা হয় এমন মূল্যবান পাথর খনিটি থেকে উত্তোলন করা হত। ধসের ঘটনায় খনিটির ভেতর চাপা পড়া আরো ২০ জনকে উদ্ধার করতে উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছে। খবর- এনডিটিভির
খনি শ্রমিকরা সোমবার মিয়ানমারের কাচিন রাজ্যের পাকান্ত শহরে মূল্যবান পাথরের খনিটির পাশে মাটি খোঁড়ার কাজ করার সময় খনিটি আংশিকভাবে ধসে পড়ে। স্থানীয় মায়ানমা অ্যালিন সংবাদপত্রের খবরে বলা হয়, সেখানে আহত দু’জনকে একটি স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তৃপক্ষ ধসের ব্যাপারে সতর্ক করেছিল। সংবাদপত্রটির খবরে সোমবার সকালে পাঁচজনের এবং পরের দিন মঙ্গলবার আরো চারজনের লাশ উদ্ধারের কথা বলা হয়।
সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের বিভিন্ন খনিতে প্রায়ই দুর্ঘটনা ও ভূমিধস হয়ে থাকে।
গত জানুয়ারি মাসে প্রবল বর্ষণের পর ওই এলাকার একই ধরনের আরেকটি খনি ধসে চারজনের মৃত্যু হয়েছিল।